নাজীর আহম্মেদ খান| কালবিন্দু| শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
দিনভর সুস্থ ও কর্মক্ষম থাকতে হলে দিনের শুরুটাই হতে হবে সঠিকভাবে। কারণ, সকালের শুরু যেমন হবে, সারাদিনের কর্মউদ্দীপনা ও শারীরিক সুস্থতাও তেমনই নির্ভর করে। বিশেষজ্ঞদের মতে, বিশেষত হৃদরোগে আক্রান্ত বা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য সকাল সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হতে পারে।
চিকিৎসাবিজ্ঞান বলছে, সকাল ৭টা থেকে ১১টার মধ্যবর্তী সময় হলো হার্ট অ্যাটাকের সবচেয়ে আশঙ্কাপূর্ণ সময়। একাধিক গবেষণায় দেখা গেছে, এই সময়টিতে শরীরে রক্তচাপ বেড়ে যায়, হৃদপিণ্ডে অক্সিজেনের চাহিদা বাড়ে এবং কর্টিসল নামক হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। ফলে হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের এক চিকিৎসক কালবিন্দুকে বলেন, “সকালে ঘুম থেকে উঠেই অনেকের রক্তচাপ বেড়ে যায়। তখন হঠাৎ করে ওঠা, কফি পান করা বা তাড়াহুড়ো করে কাজে বেরিয়ে পড়া হৃদরোগীদের জন্য ক্ষতিকর হতে পারে।”
গবেষণায় আরও জানা গেছে, সকালে শরীরে প্লেটলেটের কার্যকারিতা বেড়ে যায়, ফলে রক্ত জমাট বাঁধার প্রবণতা তুলনামূলক বেশি হয়। এর ফলেও হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।
কার্ডিওলজিস্টদের মতে, জীবনযাত্রায় কিছু ছোট পরিবর্তন আনলে সকালের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বিশেষ করে নিয়মিত ঘুম, সঠিক খাদ্যাভ্যাস এবং মানসিক প্রশান্তি হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হৃদরোগে আক্রান্ত বা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য সকাল হলো সচেতনতা ও সতর্কতার সময়। তাই দিনের শুরু হোক শান্তভাবে, ধীরে ধীরে—স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তার জন্য।