Md. Mehedi Hasan| কালবিন্দু| শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ঘানা জাতীয় ফুটবল দল। আফ্রিকার অঞ্চল থেকে পঞ্চম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ‘ব্ল্যাক স্টার্স’ খ্যাত ঘানার ফুটবলাররা। রবিবার (১২ অক্টোবর) রাতে আক্রায় অনুষ্ঠিত বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কোমোরোসকে ১–০ গোলে হারিয়ে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নেয় ঘানা।
এদিনের একমাত্র গোলটি করেন ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের তারকা মিডফিল্ডার মোহাম্মদ কুদুস। এই এক গোলই শেষ পর্যন্ত ঘানার ইতিহাস গড়ার রাতের নির্ধারক হয়ে দাঁড়ায়।
এই জয়ের ফলে ১০ ম্যাচে ঘানার সংগ্রহ দাঁড়ায় ২৫ পয়েন্টে। দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার পিছিয়ে ছিল ৬ পয়েন্টে। ফলে বিশ্বকাপের মূল পর্বে যেতে হলে মাদাগাস্কারকে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হতো না, পাশাপাশি ঘানার হার ও গোল পার্থক্যে অন্তত ৮–গোলের ব্যবধান তৈরি করতে হতো।
কিন্তু সেই সব হিসাবের দরকার পড়েনি। আফ্রিকান বাছাইপর্বের একই রাতে বামাকোতে অনুষ্ঠিত ম্যাচে মালির কাছে ৪–১ গোলের ব্যবধানে পরাজিত হয় মাদাগাস্কার, আর তাতেই শেষ হয়ে যায় তাদের বিশ্বকাপের স্বপ্ন।
এদিকে ঘানার ফুটবলপ্রেমীরা রাত থেকেই রাস্তায় নেমে উদযাপন শুরু করে দেন। রাজধানী আক্রা থেকে শুরু করে কুমাসি, তামালে ও টাকোরাদি—সব শহরে বাজি, ড্রাম ও জাতীয় পতাকার রঙে রঙিন হয়ে ওঠে রাস্তাঘাট।
এর আগে আফ্রিকার উত্তরাঞ্চল থেকে ইতিমধ্যেই চারটি দেশ ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে—আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া। এবার ঘানা যুক্ত হলো আফ্রিকার পঞ্চম প্রতিনিধি হিসেবে।
এতে ঘানা একমাত্র পশ্চিম আফ্রিকান দেশ, যারা এবার পর্যন্ত বিশ্বকাপের টিকিট পেয়েছে।
ঘানার জন্য এটি শুধু এক জয় নয়, বরং এক নতুন যাত্রার সূচনা—যেখানে ২০২৬ সালের বিশ্বকাপে ‘ব্ল্যাক স্টার্স’ আবারও জ্বলে উঠতে চায় বিশ্বমঞ্চে।