Md. Mehedi Hasan | Times News 24 | Fast Online News Portal | শনিবার, ০৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) আসন্ন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১২ অক্টোবর) কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত বিওএ’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) জানানো হয়, আগামী ২৯ নভেম্বর ২০২৫ কক্সবাজারের হোটেল ইনানিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এজিএমের সভাপতিত্ব করেন বিওএ সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সভায় দুটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হয় একটি সাংবিধানিক রদবদল এবং অন্যটি আসন্ন নির্বাচন।
সভা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিওএ’র সদস্য আব্দুল গাফফার। তিনি জানান, বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ শেষ হবে আগামী ২৩ ডিসেম্বর ২০২৫, তার আগেই নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য আগাম নির্বাচন আয়োজন করা হচ্ছে।
এজিএমে অংশগ্রহণকারী সদস্যরা নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানান। তারা জানান, বিওএ নির্বাচনের এই উদ্যোগ দেশের ক্রীড়া প্রশাসনে স্থিতিশীলতা ও ধারাবাহিকতা নিশ্চিত করবে। নির্বাচন আয়োজনের জন্য একটি নির্বাচন কমিশন গঠন এবং প্রার্থিতা জমা দেওয়ার প্রাথমিক প্রক্রিয়াও শিগগিরই ঘোষণা করা হবে।
জানা গেছে, কক্সবাজারের ইনানিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে বিওএ’র বিভিন্ন ফেডারেশন ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। এবারের নির্বাচনকে ঘিরে ক্রীড়া অঙ্গনে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, নতুন নেতৃত্ব দেশের অলিম্পিক কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে।