প্রিন্ট এর তারিখঃ শনিবার, ০৬ জুন, ২০২৬ ০৪:২৯ এ এম || প্রকাশের তারিখঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ০৮:২৭ এ এম
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন বিশিষ্ট আলোকচিত্রী ড. শহিদুল আলম
No Name | Times News 24 | Fast Online News Portal | শনিবার, ০৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
বিশিষ্ট বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন। ‘ফ্রিডম ফ্লোটিলা’ অভিযানে অংশ নিয়ে গাজা অভিমুখে যাত্রার সময় গত ৮ অক্টোবর তাকে আটক করে ইসরায়েলি সেনাবাহিনী।
শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের TK6921 ফ্লাইটে তিনি ইস্তাম্বুলে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।
শহিদুল আলমের মুক্তিতে সহায়তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে, ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত কুখ্যাত কেৎজিয়েত কারাগারে তাকে আটক রাখা হয়। এই কারাগারটি মূলত ফিলিস্তিনি বন্দীদের জন্য ব্যবহৃত হয়, যেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক 'ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন' গঠিত হয়। ৯টি নৌযানের একটি বহর গাজা অভিমুখে যাত্রা শুরু করে, যার মধ্যে ছিল ‘কনশানস’ নামক জাহাজটি। এতে বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, সাংবাদিক, চিকিৎসক এবং রাজনীতিকরা অংশ নেন। বাংলাদেশের পক্ষে ছিলেন শহিদুল আলম।
৮ অক্টোবর ইসরায়েলি বাহিনী ওই জাহাজে অভিযান চালিয়ে শহিদুলসহ সবাইকে আশদোদ বন্দরে নিয়ে যায় এবং পরে তাদের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়।
ঘটনার পরপরই বাংলাদেশ সরকার দ্রুত কূটনৈতিক তৎপরতা শুরু করে। জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে শহিদুলের দ্রুত মুক্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, “শহিদুল আলমের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যে সহযোগিতা করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।”
শহিদুল আলম দীর্ঘদিন ধরে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সামাজিক ন্যায়ের পক্ষে কাজ করে আসছেন। তিনি দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা এবং আন্তর্জাতিক পরিসরে একজন সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন এবং শিগগিরই দেশে ফিরে আসার কথা রয়েছে ।
Copyright © 2026 All Rights Reserved | Siyam Creations |