চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক অবস্থান করছিলেন।
অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে সিইপিজেডের আল হামিদ টেক্সটাইল নামক একটি নয়তলা তোয়ালে কারখানায়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সাততলা বিশিষ্ট ওই ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুন সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
শুধু ফায়ার সার্ভিসই নয়, আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে এগিয়ে এসেছে বিমান বাহিনী ও নৌবাহিনীও। আগুনের তীব্রতা এবং ভবনের উচ্চতার কারণে নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে আগুনের সূত্রপাত কিভাবে হলো এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অন্যদিকে, সিইপিজেড এলাকার ৫ নম্বরের অ্যাডামস ক্যাপ নামের আরেকটি কারখানায়ও প্রায় একই সময় আগুন লাগার খবর পাওয়া গেছে। কারখানাটিতে হাসপাতালের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করা হতো। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সেখানে অন্তত ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আগুনে ভবনের ওপরের তলাগুলো থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে এবং শ্রমিকরা আতঙ্কে দৌড়াচ্ছেন। ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি কারখানার কর্মীরাও পানি ও অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন জানান, আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানায় কতজন শ্রমিক ছিলেন এবং কেউ ভেতরে আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে তিনি জানান।
এদিকে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো ইপিজেড এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। কারখানার আশপাশের অন্যান্য ভবন থেকেও সতর্কতামূলকভাবে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে।
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। উদ্ধার অভিযান ও আগুন নেভানোর কাজ অব্যাহত রয়েছে।
আরো আপডেট আসছে চোখ রাখুন কালবিন্দুর পাতায়...
খবর প্রিন্ট করুন
সেভ করুন