MD ANIS | Times News 24 | Fast Online News Portal | বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১২:০০ এ এম
১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে নির্মিতব্য ‘কালা হিরণ : দ্য ব্যাটেল ফর লেগাসি’ সিনেমা নিয়ে এবার সরাসরি আইনি লড়াইয়ে নেমেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সিনেমাটি মুক্তির পর তাঁর ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা প্রকাশ করে এর প্রদর্শন ও প্রচারণার ওপর নিষেধাজ্ঞা চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন এই মেগাস্টার।
গত শুক্রবার (১২ জুন) সালমানের করা বিশেষ আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নীনা বানসাল কৃষ্ণার একক হাইকোর্ট বেঞ্চ সিনেমাটির মূল প্রযোজক অমিত জানি ও অক্ষয় পান্ডেসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। একই সঙ্গে এই স্পর্শকাতর মামলার পরবর্তী চূড়ান্ত শুনানির জন্য আগামী ১৯ জুন দিন নির্ধারণ করেছেন আদালত।
নীল ব্রেসলেট ও চরিত্রের হুবহু মিল: আদালতে সালমান খানের পক্ষে শুনানিতে অংশ নিয়ে জ্যেষ্ঠ আইনজীবী দয়ান কৃষ্ণান যুক্তি তুলে ধরে বলেন, এই সিনেমাটি মূলত অভিনেতার পুরনো ও বিচারাধীন কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্মাণ করা হচ্ছে। ফলে এটি দিল্লি হাইকোর্টের আগের একটি ঐতিহাসিক নির্দেশনার সম্পূর্ণ পরিপন্থী, যেখানে সালমানের ব্যক্তিগত ও নাগরিক অধিকার (Personality Rights) সুরক্ষার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল।
মামলার নথিতে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণসহ দাবি করা হয়েছে, ‘কালা হিরণ : দ্য ব্যাটেল ফর লেগাসি’-এর সদ্য মুক্তি পাওয়া অফিশিয়াল টিজারে প্রধান চরিত্রটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা সরাসরি সালমান খানকে ইঙ্গিত করে। চরিত্রটির অবয়ব, পোশাক ও চলন-বলন অভিনেতার সঙ্গে হুবহু মিলে যায়। সালমানের পক্ষ থেকে আদালতে আরও বলা হয়, পর্দায় ফুটিয়ে তোলা মূল চরিত্রের ডান হাতে একটি বিশেষ ‘নীল ব্রেসলেট’ পরা অবস্থায় দেখা যাচ্ছে, যা সালমান খানের বাস্তব জীবনের সিগনেচার ব্রেসলেটের সঙ্গে অবিকল মিলে যায়।
খালাস পাওয়ার পরও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা: সালমান খানের আইনজীবীরা অভিযোগে আরও উল্লেখ করেন, ভারতের অস্ত্র আইনের মামলায় সালমান খান ইতোমধ্যেই উচ্চ আদালত থেকে সসম্মানে খালাস পেয়েছেন। এরপরও বাণিজ্যিক স্বার্থে এই ধরনের বিতর্কিত উপস্থাপনা সাধারণ মানুষের মনে ও ভক্তদের মাঝে তাঁর সম্পর্কে নেতিবাচক ও বিভ্রান্তিকর ধারণা তৈরি করতে পারে।
জানা গেছে, এর আগে গত ২৪ এপ্রিল সিনেমাটির প্রযোজকদের কাছে সালমানের লিগ্যাল টিম থেকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে সেই নোটিশের কোনো তোয়াক্কা না করে সিনেমাটির প্রচারণা ও টিজার রিলিজ অব্যাহত রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন অভিনেতা। অন্যদিকে শুনানির সময় প্রযোজক পক্ষের আইনজীবী আদালতকে জানান, গত শুক্রবার সিনেমাটির প্রথম টিজার প্রকাশ করা হয়েছে মাত্র, তবে এখনো সিনেমার মুক্তির চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি। তাই শুধু একটি টিজারের ভিত্তিতেই পুরো সিনেমার প্রচারণা বন্ধের আবেদন অযৌক্তিক। এখন আগামী ১৯ জুনের শুনানিতে আদালত এই সিনেমার ভাগ্যে কী সিদ্ধান্ত দেন, সেদিকেই নজর পুরো বলিপাড়ার।